1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ দফায় দুই দেশে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ায় প্রাণ হারিয়েছেন ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন। আহত হয়েছেন কয়েক ডজন। খবর আল জাজিরার।

মঙ্গলবার ভোরে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, সোমবার গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনকেন্দ্র আর্খিপো-ওসিপোভকা গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিন শিশুসহ সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এর আগে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, উপদ্বীপটিতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন।

সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ জানান, সেখানে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ হামলায় এক জরুরি সেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এলাকাটি বারবার রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে পেট্রোল স্টেশনটি এবং আশপাশে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত ২১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে এবং নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া সোমবার রাতভর চালানো আরেক হামলায় জাপোরিঝঝিয়া অঞ্চলে দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা নামে দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

এদিকে রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ এর ওপরও নতুন করে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের একটি গুদামে ড্রোন আঘাত হানে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ভাষ্য, স্বাধীন বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি সামরিক ও বেসামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য বিক্রি করে। এর মধ্যে রয়েছে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল।

এ ছাড়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে একটি গুদামেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠকটিকে তিনি ‘ভালো’ বলে অভিহিত করেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান জেলেনস্কি। এ বিষয়টি শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার টেলিফোন আলাপেও উঠে আসে।

তবে এরই মধ্যে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিজ দেশে উৎপাদনের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন