
মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন (মঙ্গলবার) সকাল ১০টা ২০ মিনিটে শিবচর থানার যাদুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাদুয়ারচর এলাকার বাসিন্দা সিদ্দিক বেপারী (৪৯) ও তার স্ত্রী রানু বেগমকে (৪৫) তাদের বসতবাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দখল থেকে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে শিবচর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে ১১৬৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে।