1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে ২ দিনে ৯ জনের মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ২ দিনে ৯ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ সংবাদদাতা।।

মুন্সিগঞ্জে গত দুই দিনে (রোববার ও সোমবার) পৃথক স্থান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রোববার (৩১ আগস্ট) ছয়জন এবং সোমবার (১ সেপ্টেম্বর) তিনজনের লাশ উদ্ধার হয়। বিভিন্ন উপজেলায় ঘটে যাওয়া এ ঘটনাগুলোতে স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরের খালইস্টে নির্মাণাধীন সবুজ কাজীর দ্বিতল ভবনের ভূগর্ভস্থ সেপটিক ট্যাংক থেকে তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন বগুড়ার ইব্রাহিম (৪৮), গাইবান্ধার ফিরোজ (১৯) এবং পঞ্চগড়ের শাহিন ইসলাম (২২)। ময়নাতদন্ত শেষে সোমবার তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আরও তিনটি লাশ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামের ঋষিপাড়ায় নিজ বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকাশ ঋষি (২২) নামের এক যুবকের লাশ পাওয়া যায়। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। একই সময়ে শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া এলাকায় নিখোঁজের এক দিন পর কৃষক আয়নাল হকের (৭০) লাশ উদ্ধার হয়। দুপুরে সিরাজদিখানের বাসাইলের উত্তর পাথরঘাটা গ্রামের ধলেশ্বরী নদী থেকে আমজাদ হোসেন ঢালীর (৪৫) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত আমজাদ ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মৃত শহীদ ঢালীর ছেলে ও ছাত্রদল নেতা শিমুল আহমেদ সাদ্দামের বড় ভাই।
অন্যদিকে সোমবার শ্রীনগর উপজেলায় পৃথক তিনটি লাশ উদ্ধার হয়েছে। সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর রেল লাইনের আন্ডারপাসের পাশে অজ্ঞাত এক নারীর কাটা মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
এর কিছুক্ষণ পর শ্রীনগরের ব্রাম্মণপাইকসা গ্রামে মামুন কাজী (৭০) নামের এক বৃদ্ধের লাশ তার বাড়ির পাশের একটি গাছের সঙ্গে হেলানো অবস্থায় উদ্ধার হয়। ঘটনায় পাশের বাড়ির এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এছাড়া সোমবার সকাল সাড়ে সাতটায় শ্রীনগরের দেওয়ানপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে ছেলে খুন হয়েছেন। পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবুল হোসেন (৭০) ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে আসা ছেলেকে একই ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ এসে আবুল হোসেনকে গ্রেফতার করে।
টানা দুই দিনে নয়জনের লাশ উদ্ধারের ঘটনায় পুরো মুন্সিগঞ্জ জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন