
এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক দফা এক দাবিতে “এন্ট্রিপদ নবম গ্রেড” ও “চারস্তরীয় একাডেমিক পদসোপান” বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পঞ্চগড় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জাতীয় মহাসড়কের পাশে দাড়িয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা দাবি জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও আমরা এখনও দশম গ্রেডে এন্ট্রিপদ পাই, যা অত্যন্ত বৈষম্যমূলক। দ্রুত সময়ের মধ্যে নবম গ্রেডে এন্ট্রি এবং প্রধান শিক্ষক পর্যন্ত চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও পদোন্নতির সুযোগ সুনিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এসসয় বক্তব্য রাখেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আফজাল হোসেন, বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সহ অনেকে।
এ রায়হান চৌধুরী
পঞ্চগড়। ২০ আগষ্ট ২০২৫
