
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে সড়কপথে বাসযোগে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোর-বেনাপোল সড়কের দুই পাশে অপেক্ষমাণ জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বাসটি উলাশী খাল খনন উদ্বোধনী মঞ্চের অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় বাসটিকে ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।
যাত্রাপথে বাসটির সামনের অংশে দাঁড়িয়ে জনগণকে হাত নেড়ে অভিবাদন জানাতে থাকেন তিনি। তাকে একনজর দেখার জন্য সড়কের দুই পাশে ভিড় জমান বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলাশী খাল পুনর্খনন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি যোগদান করবেন।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। সবশেষে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
যশোরবাসী আজকের জনসভা থেকে তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন। এর আগে নির্বাচনের আগে ২ ফেব্রুয়ারি তিনি যশোর সফর করেছিলেন; আজ এটি তার দ্বিতীয় সফর।
গত ২ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন যে, তার বাবার স্মৃতিবিজড়িত উলাশী খাল তিনি যশোরের মানুষকে সঙ্গে নিয়ে পুনর্খনন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই আজকের এই সফর। এছাড়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে তিনি আজ যশোরে এসেছেন।