1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান

রাজনীতি ডেস্ক।।
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের গোপন করার কিছু নাই। আমরা আপনাদের হয়ে কাজ করছি। তিনি বলেন, সরকারের মাত্র ছয় মাসে বড় বড় যে সমস্যাগুলো তীব্রতর হয়ে উঠেছে এরমধ্যে যতটুকু করা সম্ভব হয়েছে তা যথেষ্ট না কিন্তু একেবারে কমও নয়।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশে সংসদ বা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল আছে। শ্রেণি-পেশার সংগঠন আছে। বিশেষ করে জনগণকে যে তারা গত ছয় মাসে অনেক সহযোগিতা করেছেন। কেউ কেউ কিছু বিরোধিতা করেছেন। আমরা সেগুলোকে সহযোগিতার অংশ হিসেবেই দেখতে চাই।

তিনি আরও বলেন, আশা করি যে আমাদের আগামী দিনগুলির যে পরিক্রমা সেখানেও তারা দেশ, দেশের মানুষ এবং আমাদের সম্মিলিত যে সমৃদ্ধি সেটা অর্জনে তারা পাশে থাকবেন।

দেশে চলমান জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বহু বছর ধরেই আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস আহরণের ব্যাপারে খুব বেশি উদ্যোগ দেওয়া হয়নি। বাপেক্সের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বেশকিছু তেল-গ্যাস অনুসন্ধান এবং আহরণ করা হয়েছে। তবে এই প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা হয়েছে। বিশেষ করে গত ১৫ বছরে একেবারেই অকার্যকর করে ফেলার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় নয়। গ্যাস বা পেট্রোল আপনি যদি উত্তোলন করতে চান তার আগে অনুসন্ধান করতে হবে। উত্তোলন করার পরে সেটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর। খনিজ সম্পদের উন্নয়নে জিয়াউর রহমান বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বিগত ১০-১৫ বছরে এ প্রতিষ্ঠানটিকে প্রায় অকার্যকর করে ফেলা হয়েছে। জ্বালানি সমস্যার সমাধান রাতারাতি করা যায় না। তারপরও সরকার পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আনার চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সঙ্গেও আলোচনা চলছে।

এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি ব্যাপার।

তিনি আরও বলেন, স্বাভাবিক যে আমদানি এবং বিতরণ ব্যবস্থা ছিল এটা আমেরিকা-ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল কিন্তু তাদের এখন রফতানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি কিন্তু সেখান থেকে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে। এর ফলে জনদুর্ভোগ কিছুটা বেড়েছে। সম্ভবত ইতিহাসে প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন; ক্ষমা চেয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত শীঘ্রই সম্ভব আমরা এসব সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল, আমরা মনে করি তা প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। সেখানে সংবিধান সংস্কারের জন্য ‘সংশোধন’ করার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সংশোধন শব্দটি মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, জুলাই সনদে বলা আছে-যারাই ক্ষমতায় যাবে, তারা নির্বাচনের আগে নিজেদের ‘নোট অব ডিসেন্ট’ জনগণের সামনে তুলে ধরবেন। সে অনুযায়ী জনগণ যাদের রায় দেবে, তারা নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এরপরও প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, বড় ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা নিয়ে আলোচনা করা হবে। আমরা মনে করি, গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকার নির্বাচনি ইশতেহার ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি যেন সেখানে কোনো আইনি সুবিধা না পান, সেই বিষয়ে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে সরকার তাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে।

সরকারের ছয় মাসের অর্জন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে সরকার যা করতে পেরেছে, তা হয়তো খুব বেশি কিছু নয়, তবে একেবারেই কমও নয়। এক্ষেত্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারকে সহযোগিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন, তারা হয়তো সহযোগিতার অংশ হিসেবেই তা করেছেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন