মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় অভিযান চালিয়ে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এবং ৬ জুন প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রাজধরদী এলাকার আব্দুর রহমান বেপারীর ছেলে মো. এনায়েত বেপারী (৩০) এবং দিয়াপাড়া এলাকার কালু বেপারীর ছেলে তাইজুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজধরদী এলাকার রহমান বেপারীর বাড়ির সামনের রাস্তা থেকে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৯ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”