
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে দেশের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিন জন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা। এ সময় একটি মশালমিছিল বের করা হয়। মিছিলটি পদ্মাসেতু টোল প্লাজা ঘুরে মোল্লারবাজারে এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর-২ আসনের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য ও তার অনুসারিরা। এ ছাড়াও মাদারীপুর-২ আসনের আরেক মনোনয়ন বঞ্চিত নেত্রী কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের অনুসারীরা সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে বিকেল ৫টার দিকে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন।
দেশের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কের বিভিন্ন স্থানে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলার কারণে মহাসড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় কামাল জামান মোল্লাকে। একদিন পরেই অনিবার্য কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তার মনোনয়ন স্থগিত রাখেন। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে। এ ছাড়া মাদারীপুর-১ আসনে বিএনপি স্থগিতাদেশ পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়া হয়।
এর প্রতিবাদে এবং পুনরায় মনোনয়ন ফিরিয়ে দিতে কামাল জামান মোল্লার সমর্থকেরা শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল করে সড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘন্টা পর তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা। এ সময় দেড় ঘন্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় শত শত যানবাহন আটকে পড়া এক্সপ্রেসওয়ের উভয় লেনে। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।।
বিক্ষোভে বক্তারা বলেন, শিবচরে বিএনপি নেতা কামাল জামান মোল্লা একজন জনপ্রিয় নেতা। তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ করে বৃহস্পতিবার অন্য একজনকে মনোনয়ন দেয় বিএনপি। আমরা এই মনোনয়ন প্রত্যাহার এবং কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল রাখার দাবি জানাই।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজাহান মোল্লা সাজু বলেন, আমরা জামান মোল্লার মনোনয়ন বহাল চাই। কোন ষড়যন্ত্র মানি না। মনোনয়ন বহাল না রাখলে বড় কর্মসূচী দেয়া হবে।
পাঁচ্চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জরিহুল ইসলাম মুঠোফোনে বলেন, বিএনপি নেতা কামাল জামান মোল্লার অনুসারিরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ কারণে এক্সপ্রেসওয়েতে এক ঘন্টার মত সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও টায়ার জ্বালিয়ে অবরোধ, ৪ কিলোমিটার যানজট
মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করা হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য ও তার নেতাকর্মীরা। এ সময় দেড় ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরদুরান্তের যাত্রী, রোগী ও চালকরা। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে একই মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের গোলচত্বরে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে
বিক্ষোভ কর্মসূচিতে মনোনয়ন বঞ্চিত মিল্টন বৈদ্যর পক্ষে নেতৃত্ব দেন রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা এবং হেলেন জেরিনের পক্ষে নেতৃত্ব দেন রাজৈর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন ও মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে মাদারীপুর-২ আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পুনর্বাসনকারী জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এসময় দ্রুত মনোনয়ন পরিবর্তন না করা হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি দেন উভয় পক্ষের নেতাকর্মীরা।
রাজৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. কামরুজ্জামান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টার পর বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
উল্লেখ্য, মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার আসায় দীর্ঘদিন যাবত রাজপথে নেমে মিছিল ও সমাবেশ করে আসছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।
