
নুর মোহাম্মদ,সুনামগঞ্জ।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করলেও ছাতক-দোয়ারাবাসী কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নিপীড়ন উপেক্ষা করে গত দেড় যুগ আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম, এখনো আছি। সুনামগঞ্জ-৫ আসনের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত ছাতক ও দোয়ারার কাংখিত উন্নয়নে আমি অঙ্গীকারাবদ্ধ।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, আগামী নির্বাচন দেশ, জাতি ও বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত গণসংযোগ ও মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে সমবেত হন। সেখান থেকে বিশাল মিছিলটি ছাতক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচিতে ছাতকে এত বিপুল জনসমাগম অতীতে দেখা যায়নি।