
নিউজ ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকার বেড়ির বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।
র্যাব জানায়, শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, পিয়ারপুর গ্রামের বেড়ির বাজার এলাকায় দুই ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের সত্যতা যাচাইয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আয়ুব হোসেন (৪৯)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দিন আলী গাজীর ছেলে।
র্যাবের উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো ৮০ বোতল ও ৪৮ বোতল, মোট ১২৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি র্যাবকে জানান, খুলনা ও বরিশাল অঞ্চলে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদক নিজের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বহন করায় গ্রেপ্তার ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।