1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আসিফ ও মাহফুজের পদত্যাগ: শূন্য ৩ মন্ত্রণালয়ে আলোচনায় যারা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আসিফ ও মাহফুজের পদত্যাগ: শূন্য ৩ মন্ত্রণালয়ে আলোচনায় যারা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মো. মাহফুজ আলম। এর মধ্যে আসিফ এলজিআরডি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামলাতেন।

দুই জুলাই বিপ্লবীর পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, তাদের এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন কারা? সরকারের শেষ মুহূর্তে নতুন মুখ আসবে, নাকি বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের ওপরই পড়বে বাড়তি দায়িত্ব? এমন কৌতূহল মানুষের মনে।

সরকারের একাধিক সূত্র জানাচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুবই কম। সমালোচনা এড়াতে নতুন কাউকে না এনে বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই শূন্য হওয়া মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টনের আলোচনা চলছে।

সরকারি সূত্রে জানা যায়, এক্ষেত্রে আলোচনায় রয়েছেন বিদ্যমান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, যিনি বর্তমানে শ্রম উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন, তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে।

এরপর আছেন আদিলুর রহমান খান, যিনি এখন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুটির দায়িত্বে রয়েছেন। তাকেও অতিরিক্তভাবে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে।

picture.jpg-1
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন আসিফ ও মাহফুজ।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সৈয়দা রিজওয়ানা হাসান পেতে পারেন তথ্য ও সম্প্রচার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটির দায়িত্ব।

এর পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা অধ্যাপক আলী রীয়াজকেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা চলছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হবে তফসিল ঘোষণা। এই মুহূর্তে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান উপদেষ্টাদের মাধ্যমেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব সামাল দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং বলেন, ‘এই অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো, তা জাতি কখনোই ভুলবে না।’

আসিফ ও মাহফুজের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসিফ ও মাহফুজের পদত্যাগ কার্যকর হয়ে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন