
জামালপুর সংবাদদাতা:
একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসন জামালপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, এবং জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক।
এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী।
বক্তারা তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
