
মাদারীপুরে নির্বাচনী প্রচারণার সময় পুলিশের গাড়িতে তুলে নেওয়ার ১৪ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। রবিবার ভোর ৪টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন তার পরিবার।
মেয়র প্রার্থী সবুজ জানান, পুলিশের গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নেয়া হয়। সেখানে ওবায়দুল কাদের তাকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল যাকে প্রার্থী নির্বাচন করেছে তার পক্ষে কাজ করার জন্য বলেন। একইসঙ্গে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।
সবুজ আরও জানান, তিনি ওবায়দুল কাদেরকে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। কালকিনির জনগণ তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। তিনি জনগণের সিদ্ধান্তকেই সম্মান জানাবেন। পরে তার এক আত্মীয়ের গাড়িতে করে তিনি কালকিনিতে তার বাড়িতে ফেরেন।
মেয়র প্রার্থীর স্বজন ও সমর্থকরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল দেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন গাড়ি নিয়ে হাজির হন।
পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করেন সবুজের সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালান নৌকার সমর্থকরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অন্তত অর্ধশত মানুষ। ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নৌকার প্রার্থী এস এম হানিফ জানান, শুধু শুধু আমার নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা করেছে। আমার অনেক লোককে মেরে কুপিয়ে রক্তাক্ত করেছে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কালকিনি পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের স্ত্রী জাহান বলেন, পৌরসভা নির্বাচনে মসিউর রহমান সবুজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সবুজ যদি নির্বাচনের কোন আচরণবিধি ভঙ্গ করে তা হলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। পুলিশ কেন তাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাবে? শুধু তার উপরে কেন হয়রানি। কোন ত্রুটি থাকলে চিঠি দিতো। আচরণবিধি লঙ্ঘন হলে সেটা বলতে পারতো। তিনি বলেন, সবুজ ভোর ৪টার সময় বাড়িতে আসছে। সে সুস্থ আছে। এ ছাড়া গতকালের সংঘর্ষে আমাদের অনেক লোক আহত হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোনো ক্ষতি হয়নি।
তবে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে- বিষয়টি অস্বীকার করেন তিনি।
