কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পড়ে। শরীয়তপুরের মাঝিকান্দি থেকে ১২০ জন যাত্রী নিয়ে লঞ্চটি শিমুলিয়া যাচ্ছিল।
পদ্মানদীর চায়না চ্যানেলের কাছে এলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালের দিকে শরিয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া পৌঁছে দেয়।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।'
উল্লেখ্য, গত এক মাসে একইভাবে তিনটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি লঞ্চ ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.