লেবাননের বৈরুতে বিস্ফোরণে আহতদের সাহায্যে বাংলাদেশ থেকে পাঠানো খাদ্য সামগ্রী ও ওষুধপত্র সোমবার দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানবিক সহায়তার মধ্যে রয়েছে ৯ টন খাদ্য সামগ্রী এবং ২ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী।
হস্তান্তরের সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউনিফিল ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সহায়তা সামগ্রীসহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বাংলাদেশ নৌবাহিনীর ৪ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন ক্রুসহ বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমান বন্দর অবতরণ করে।
গত ৪ আগস্ট বিকেল ৬টার দিকে বৈরুত বন্দরে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বন্দরসহ ১০ কি.মি. পরিসীমায় ব্যাপক ক্ষতি হয়। বিস্ফোরণে দুই শতাধিক লোক নিহত হয়। ৬ হাজারেরও বেশি আহত হয় এবং গৃহহারা হয় প্রায় তিন লাখের বেশি মানুষ।
লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিএনএস বিজয় ওই বিস্ফোরণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এবং জাহাজের ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হয়।
এ ছাড়া এ পর্যন্ত বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয় এবং প্রায় একশ’ জনেরও বেশি আহত হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.