কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযান দেখে বিলের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। ১ ঘণ্টা তল্লাশির পর তাকে আটক করেছে পুলিশ। এসময় তার মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ মাহবুবুল (৩২) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশের তথ্যমতে তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।
নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফুলবাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে মাদক নিয়ে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে এক কারবারি।
সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম পৌরসভার ঠুঁটা পাইকর এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুবুল মোটরসাইকেল ফেলে ঠুঁটা পাইকর ব্রিজের কাছে খালের পানিতে ঝাঁপ দেয়। এরপর কচুরিপানার নিচে লুকিয়ে থাকার চেষ্টা করে।
স্থানীয় জনতা ও পুলিশ প্রায় ১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করে। পরে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা ও নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।
নাগেশ্বরী থানার ওসি বলেন, "উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয়রা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.