
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। ছেলে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়েদের জন্য তা ঐচ্ছিক থাকবে। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী সবসময় এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা বলেন, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে সারা বছর বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করবে।’
তিনি আরও বলেন, ‘আগে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারও একই ধরনের ফরম্যাট অনুসরণ করা হবে। প্রথমে উপজেলা, এরপর জেলা, বিভাগীয় এবং সবশেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের ফাইনালেও তার উপস্থিতির প্রত্যাশা রয়েছে। এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো, প্রধানমন্ত্রী নিজেই এর পৃষ্ঠপোষকতা করছেন। তাই এটি ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ নামে আয়োজন করা হচ্ছে। প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনীয় সব কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘প্রতিভাবান শিক্ষার্থীদের অর্জন তুলে ধরা হলে তারা আরও অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে দেশের জন্য বড় অবদান রাখতে পারবে।’
তিনি আরও বলেন, ‘সরকারের নীতিমালা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুরো টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনাও রয়েছে।’
মাহদী আমিন বলেন, ‘এটি জাতীয় পর্যায়ের একটি সমন্বিত আয়োজন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত রয়েছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ক্রীড়া ও সৃজনশীল প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.