
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ, উচ্ছ্বাস আর হতাশা এখন অতীত। কেউ ট্রফি জয়ের আনন্দে ইতিহাস লিখেছে, কেউ আবার অপূর্ণ স্বপ্ন বুকে নিয়েই ফিরেছে ঘরে। তবে আন্তর্জাতিক ফুটবলে থেমে থাকার সুযোগ নেই। বিশ্বকাপের পর এবার শুরু হচ্ছে নতুন পথচলা, আর সেই অভিযানের প্রথম ধাপেই মাঠে ফিরছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। আগামী সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে নামবে দুই দল।
বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয় শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে। এরপর দলের অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। নতুন কোচ কার্লো আনচেলত্তি এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের দল গড়ার কাজ শুরু করেছেন।
বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে দুটি ম্যাচই।
ফিফার আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।
অন্যদিকে, বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনাও দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তারা মুখোমুখি হবে মেক্সিকোর। এরপর ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বকাপের রানার্সআপরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.