
কল ড্রপ, নেটওয়ার্কের মান এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বনানীর শেরাটনে গ্রামীণফোন আয়োজিত ‘Digital Inclusion for Marginalized Communities–Phase II’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যেন সমানভাবে ডিজিটাল রূপান্তরের অংশ হতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফকির মাহবুব আনাম দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল রূপান্তরের যাত্রায় কোনো অঞ্চল যেন পিছিয়ে না থাকে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা নিশ্চিত করা জরুরি।
টেলিযোগাযোগ সেবার মান নিয়ে জনসাধারণের উদ্বেগের প্রসঙ্গ তুলে ধরে তিনি মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানো, নেটওয়ার্কের মান উন্নয়ন এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্য যৌক্তিক রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা ও স্বার্থকেও সমান গুরুত্ব দিতে হবে। সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং মানসম্মত সেবা নিশ্চিত করাই সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠান শেষে মন্ত্রী গ্রামীণফোনের ‘Digital Inclusion for Marginalized Communities–Phase II’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.