প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৪:০১ পি.এম
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি
মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় অভিযান চালিয়ে ৩০টি মামলার পলাতক আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (২৮)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে অভিযান চালিয়ে আল আমিন হাওলাদারকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ দমনে জেলা পুলিশ ভবিষ্যতেও একই ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করবে।"
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.