সালথা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ ১–০ গোলে চান্দাখোলা ফুটবল একাদশকে হারিয়েছে।
সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচের উদ্বোধন করেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মুহাম্মদ ছরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. কাওসার আলী। সঞ্চালনা করেন ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামসুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক, তারা মিয়া মাতুব্বর, জালাল মেম্বার, সাব্বির মাতুব্বর, রফিকুল ইসলাম শিকদার, লিয়াকত হোসেন, ফজলু মাতুব্বর, জাকির হোসেন, মোশারেফ মাতুব্বর, তুরাব মৃধা, আরিফুল ইসলাম, রকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে এবিএম সামসুল আলম বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের বিদ্যালয়মুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান। সহকারী রেফারি ছিলেন তারিকুল ইসলাম ও আশিক হাসান। ধারাভাষ্য দেন আরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.