
ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে দেশটিতে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের একটি প্রাথমিক মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের এবং জ্যামন ভ্যান ডেন হেক জানিয়েছেন, ভূমিকম্পের পরের দিন, অর্থাৎ গত ২৫ জুন সংগৃহীত ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-১ স্যাটেলাইটের রাডার ছবি বিশ্লেষণ করে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তবে তারা জানিয়েছেন, এটি একটি প্রাথমিক দ্রুত মূল্যায়ন, যা এখনো মাঠপর্যায়ে সরাসরি যাচাই করা সম্ভব হয়নি।
গবেষকরা বলেছেন, ‘এটি একটি প্রাথমিক এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ। ছবিতে পৃষ্ঠতলে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যা ক্ষয়ক্ষতির লক্ষণ।’ তারা এ ব্যাপারে সরেজমিন তথ্যকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন।
অন্যদিকে, নাসা জানিয়েছে, তাদের স্যাটেলাইটগুলো ক্ষয়ক্ষতির ছবি ও তথ্য সংগ্রহ করে মাঠপর্যায়ে থাকা উদ্ধারকর্মীদের পরিস্থিতি মূল্যায়ন এবং উদ্ধার অভিযান পরিচালনায় সহায়তা করছে।

তবে ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
এরআগে গত বুধবার (২৪ জুন) মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা অঞ্চল।
এই বিপর্যয়ে এখন পর্যন্ত সরকারিভাবে অন্তত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫ হাজার ৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে লা গুয়াইরাসহ প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা না পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারাই হাতুড়ি ও লোহার রড দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন। কিছু এলাকায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
সূত্র: সিএনএন, বিবিসি
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.