মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে কৌশলে চুরি করার ঘটনায় চাকরিচ্যুত এক সেনা সদস্য ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এক ইজিবাইক চালক যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া নেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় আসামি ধরতে অভিযান চলছে বলে চালককে সঙ্গে যেতে বলেন।
পরে মজুমদারকান্দি এলাকায় পৌঁছে ইজিবাইক চালককে গাড়ি থেকে নেমে সামনের ব্রিজের দিকে যেতে বলা হয়। এ সুযোগে মোটরসাইকেলে আসা সহযোগীদের সহায়তায় একজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। অপর সহযোগীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক ফিরে এসে তার প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি খুঁজে না পেয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন।
মামলাটি রুজুর পর বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গায়েন্দার গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা (২৮), নোহাটা গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৫) এবং খান্দারপাড় গ্রামের মো. সাকায়েত মুন্সীকে (৩৫) গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬ থেকে ৮টি করে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, "পুলিশ পরিচয়ে সংঘটিত এ ধরনের অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.