প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ৮:৩৫ এ.এম
বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত

বই পড়ার গুরুত্ব ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি মাদারীপুর ইউনিট।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন।
মাদারীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নূরজাহান বেগম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের মাদারীপুর শাখার শাখা সংগঠক লিখন মাহমুদ তুর্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি মাসুদ সুমন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বিস্তারে বই পড়ার বিকল্প নেই। নিয়মিত বই পড়ার মাধ্যমে ব্যক্তি যেমন জ্ঞান সমৃদ্ধ হয়, তেমনি সমাজও আলোকিত হয়ে ওঠে। তারা সকলকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ‘আলোকিত মানুষ চাই’ এই প্রত্যয়কে ধারণ করে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাঠাভ্যাস বিস্তার ও সাংস্কৃতিক চর্চার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠক-পাঠিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.