প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ৫:৫৮ পি.এম
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) রাতে সদর উপজেলার মিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে সোমবার বিকেলে পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায়।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানাধীন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার মিরাকান্দি গ্রামের মজিবর মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার সালথা থানার মীরাকান্দি গ্রামের হারেজ মোল্লার ছেলে হাচিবুল হাসান জসিম মোল্লা (৩০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মুন্নাফ শেখের ছেলে মজনু শেখ (৩৫)।
এ সময় তাদের দখল থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি কাটার ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫০, তারিখ-১৪/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.