
গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। মৃত্যুর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে মৃত্যুর খবর চোখে পড়া মাত্রই লাগাম টেনেছেন অভিনেত্রী নিজেই।
মঙ্গলবার (৯ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘জি, আমি তানিয়া বৃষ্টি। আমি বেঁচে আছি। নিউজের কিছু মানুষ অনেক আগেই মরে গেছে। আরআইপি (ওদের আত্মার শান্তি কামনা করছি)।’
এদিকে সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, তিনি জীবিত আছেন, ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে আছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’

তিনি যোগ করেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট করা ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি।’
অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়ার পর দুটি সার্জারি সম্পন্ন হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে বাসায় সময় পার করছেন তিনি। তানিয়া বলেন, ‘দুটি সার্জারি হয়েছে, তৃতীয় সার্জারি করাতে কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, এ কারণে বাসায় বেশি থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।’
চলতি বছরে তানিয়ার ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.