বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "আলোকিত মানুষ চাই" স্লোগানকে সামনে রেখে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর শাখার উদ্যোগে শুক্রবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে সমন্বিত সরকারি অফিস ভবন, মাদারীপুর মিউজিয়াম এবং জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কবি মাসুদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতি মাদারীপুরের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও ইতিহাস-ঐতিহ্য গবেষক সুবল বিশ্বাস, কবি মিলন সব্যসাচী, সহকারী অধ্যাপক অরেছুল আজম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিছুর রহমান এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রেবেকা সুলতানা।
এছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর জেলা শাখার সংগঠক লিখন মাহমুদ, সমন্বয়কারী সজীব আহমেদ, ভ্রাম্যমাণ লাইব্রেরি ইনচার্জ বিল্লাল হোসাইন, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশপ্রেমী নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.