প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৭ এ.এম
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার ও আসামিদের গ্রেফতার করেন।
ডিবি সূত্রে জানা যায়, ২ জুন রাত ৮টা ৫০ মিনিটে সদর মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরি কুমারিয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান এবং রুবেল মুন্সি (৪৯)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিন রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

এছাড়া ৩ জুন রাত সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর।”
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.