জামালপুর সংবাদদাতা:
জামালপুরে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুন আমীন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বক্তব্য চাইতে গেলে এক সাংবাদিককে ধাক্কাসহ অসদাচরণ করেন ওই ট্রাফিক পুলিশ।
২৫ মে সোমবার দুপুরে পৌর শহরের বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে আগে থেকেই জলাবদ্ধতা নিরসরনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন কয়েকটি এলাকার লোকজন।
আহত অটোরিকশা চালক শুভর অভিযোগ, দুপুরে তিনি নতুন বাইপাস এলাকায় রাস্তার পাশে যাত্রী নামিয়ে ভাড়া নিচ্ছিলেন। এ সময় তাকে সামনে এগিয়ে যেতে বলেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীন। সামনে যেতে একটু লেট হওয়ায় হঠাৎ এসে আমার নাকে ঘুষি মারে ওই ট্রাফিক ইন্সপেক্টর। এতে আমার নাকের হাড় ভেঙে গেছে এবং গলগলিয়ে রক্ত ঝরছে অনবরত।
বিষয়টি নিয়ে সাংবাদিকরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর সিনিয়র সাংবাদিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান লায়নকে ধাক্কা দেন। পরে বাকবিতণ্ডায় জড়িয়ে যান উপস্থিত ট্রাফিক পুলিশ ও সাংবাদিকরা।
এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান লায়ন জানান, শুভ নামে এক অটো রিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রুহুল আমীন। উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে চড়াও হন তিনি। একপর্যায়ে আমাকে ধাক্কা দেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, ওই চালকের ওপর হাততোলার ঘটনায় তদন্ত করে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় তিনি বলেন, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। তিনি কেন এমন আচরণ করেছেন, তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.