
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা 'মানুষের বাগান'। সিনেমাটির আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্মান বয়ে এনেছে ছবিটি।
গত ১৯ মে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস–এ আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক ও পুরো টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘‘মানুষের বাগান’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজ, মানুষ আর জীবনের গল্প। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সম্মান পাওয়া পুরো টিমের জন্য অনেক বড় অর্জন। একজন শিল্পী হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। নির্মাতা নুরুল আলম আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের এত সুন্দর একটি কাজের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, দর্শকরাও সিনেমাটি দেখে নিজেদের জীবনের অনেক অনুভূতির প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”
সিনেমার গল্প প্রসঙ্গে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি আলাদা গল্প নিয়ে এগিয়েছে মানুষের বাগান–এর কাহিনি। পোস্টারে পৃথিবীকে একটি বিশাল বাগানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে নানা বয়সী মানুষ স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলেছে।
২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তি পেতে সময় লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পায়। পরিচালক জানিয়েছেন, শিগগিরই দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ত্রিনেও মুক্তি পাবে সিনেমাটি।
এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, মুনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ আরও অনেকে। ৪ থেকে ৮ মে পর্যন্ত আয়োজিত হয়েছিল এবারের চলচ্চিত্র উৎসব।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.