প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৮:৫৪ পি.এম
মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল ৫টায় মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি শারীরিক সক্ষমতা যাচাই (PET) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এ সময় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ নেই। যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা তাদের যোগ্যতার মাধ্যমেই হয়েছেন। আমি আশা করি, তারা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করবে।”
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতায় সন্তোষ প্রকাশ করে আবেগঘন প্রতিক্রিয়া জানান। অনেকেই বলেন, কোনো প্রকার সুপারিশ ছাড়াই শুধুমাত্র মেধা ও পরিশ্রমের মাধ্যমে চাকরি পাওয়ায় তারা গর্বিত।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর শেখ শরীফ-উজ-জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর আজমীর হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও চাকরি প্রার্থীদের অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদারীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২২টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক বাছাই শেষে ৩৩১ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ১৩২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ মেধাক্রম অনুযায়ী ২২ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.