মাদারীপুরের কালকিনি উপজেলার একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফয়সাল তালুকদার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় কালকিনি থানা পুলিশ ও র্যাব-৪, ঢাকা’র যৌথ অভিযানে বুধবার (০৬ মে) রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকার বজলু তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মোট ৭টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও তিনি বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত আসামি।
তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা সহ বিভিন্ন গুরুতর অপরাধ। ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.