টঙ্গীবাড়ী সংবাদদাতা:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামাদুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামাদুল গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে রতন মন্ডলের সঙ্গে প্রতিবেশী মৃত হারুনুর রশিদ দেওয়ানের ছেলে ইমরান দেওয়ানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার (৩ মে) ভোরে ইমরান দেওয়ান ও তার লোকজন রতন মন্ডলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় বাধা দিতে গেলে রতন মন্ডলের বৃদ্ধ মা আরতি রানী মন্ডল (৭০), ছেলে মিতিল মন্ডল (১৮) ও স্ত্রী প্রিয়াঙ্কা রানী মন্ডল (৩৬)-কে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবপত্রও ভাঙচুর করে এবং পরিবারটিকে দেশত্যাগের হুমকি দেয়।
ভুক্তভোগী রতন মন্ডল জানান, থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো প্রতিকার পাননি।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান দেওয়ান বলেন, “আমি কমল মন্ডলের কাছ থেকে জায়গাটি ক্রয় করেছি। ক্রয়সূত্রে জমির মালিক আমি। এর আগেও তাদের জায়গা ছেড়ে দিতে বলেছি, কিন্তু তারা ছাড়ছেন না।”
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন,“অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.