
জনপ্রিয় টিভি অভিনেতা বিপুল রায়ের মুম্বাইয়ের বাসভবন থেকে লক্ষাধিক রুপির গয়না ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।
বিপুলের ভাষ্যমতে, অভিযুক্ত পরিচারিকা বেশ কিছুদিন ধরে তাঁর বাড়িতে কাজ করছিলেন। সম্প্রতি অভিনেতা লক্ষ্য করেন, আলমারিতে রাখা তাঁর স্ত্রীর মূল্যবান হীরের গয়না এবং ৫ লাখ রুপি নেই। সন্দেহ হওয়ায় তিনি ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। কিন্তু বিষয়টা বুঝতে পেরে আগে থেকেই আত্মগোপনে চলে যান অভিযুক্ত গৃহকর্মী। বর্তমানে তাঁর ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিপুল রায় বাড়ির সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করেছে। অভিনেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর (FIR) দায়ের করেছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এই চুরির পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের একটি বিশেষ দল পরিচারিকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে বলে জানানো হয়ে গণমাধ্যমের প্রতিবেদনে।
চুরির ঘটনার পর বিপুল সংবাদমাধ্যমকে বলেন, ‘কাউকে বিশ্বাস করা এখন সবথেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা তাঁকে ঘরের মানুষের মতো দেখতাম, অথচ সেই সুযোগ নিয়ে তিনি এমন কাজ করবেন তা ভাবিনি।’
মধ্যপ্রদেশের ভোপালে জন্ম বিপুল রায় পড়াশোনা করেছেন উত্তরাখণ্ডের নৈনিতালের শেরউড কলেজে। পরে তামিলনাড়ুর ওটি থেকে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি সম্পন্ন করেন। শোবিজে ক্যারিয়ার শুরুর আগে মুম্বাইয়ে একটি ফাইভ স্টার হোটেলে রাঁধুনি হিসেবে কাজ করতেন তিনি।
২০০৪ সালে জি টিভির জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস বেস্ট সিনেস্টার কি খোঁজ’-এর মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.