
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি পুনরায় চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’’
বিবিসির প্রতিবেদনের বরাতে তিনি অভিযোগ করেন, এই দুই দেশ স্থিতিশীলতা আনার প্রচেষ্টা ব্যাহত করছে।
আলাদা এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘‘ইরান এখনো আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তবে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকির কারণে অর্থবহ সংলাপ বাধাগ্রস্ত হচ্ছে।’’
এমন মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন চলমান নৌ অবরোধে সন্তুষ্ট।
তিনি আরও বলেন, ওয়াশিংটনের মতে বর্তমানে ইরান দুর্বল অবস্থানে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা এখনো উচ্চমাত্রায় রয়েছে। এর মধ্যে ইরান অভিযোগ করে বলেছে, নিয়ম লঙ্ঘনের দায়ে তারা দুটি জাহাজ জব্দ করেছে। এর আগে ওই এলাকায় একাধিক পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে।
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা প্রণালিতে নৌ চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনুমোদনহীন কোনো গতিবিধি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ পরিস্থিতি শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাকে জটিল করে তুলছে। পাকিস্তানে সম্ভাব্য এই আলোচনা হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.