
নওগাঁ সংবাদাদাতা।।
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিয়ামতপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর বিকেলে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এরপর রাতে পপি সুলতানার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় গতকালকেই নিহত হাবিবুরের বাবা, দুই বোন ও ভাগনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।
তারা এখনও পুলিশি হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহগুলো এখনো নওগাঁ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে।
সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
নিহতরা হলেন- উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.