প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:০৫ পি.এম
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) মাদারীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলামসহ আনসার ও বাংলাদেশ পুলিশের একটি দল। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় অবস্থিত ‘সুমাইয়া বেকারি’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল—অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার, পঁচা ডিম সংরক্ষণ, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত উপকরণের সনদ না থাকা, মেঝেতে খাবার রাখা এবং রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার।

এছাড়া কাঁচামাল ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ চালান প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযানে এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন বলেন,“জনস্বাস্থ্যের সাথে কোনো ধরনের আপস করা হবে না। যারা খাদ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম বলেন,
“নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.