সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত গোচারণ ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে আয়াজ আলী নামে এক ব্যক্তি ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারগাঁও, ছনগাইর, মহিষমারা, কুড়িয়া ও বাশটিলা গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে বংশানুক্রমে সরকারি ওই গোচারণ ভূমি গরু-বাছুর চড়ানোর কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমির একটি অংশে পুকুর খনন ও চাষাবাদের পাশাপাশি বালু উত্তোলন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে আয়াজ আলী ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারপিটের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে প্রায় ৫০ লক্ষাধিক টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে এবং এখনো বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
এদিকে গোচারণ ভূমিতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় এলাকাবাসী তাদের গরু-বাছুর চড়াতে পারছেন না বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগে আব্দুস ছবুর লাল মিয়া, সুমন মিয়া, শফিকুল, শামীম, লিয়াকত আলী ও আজিজুলসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী আয়াজ আলী প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন মাঠি কাটার বিষয় ইউনও ও সহকারী ভূমির তদারকি করার বিষয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.