
জামালপুর সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই স্থানীয় সরকারের উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এর প্রভাব পড়েছে জামালপুর জেলাতেও। সম্ভাব্য প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন। এমনই একজনের কথা শোনা যাচ্ছে যিনি জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, বিএনপিনেতা মো. শফিকুল ইসলাম শফিক ১৯৭০ সালে জামালপুর সদর উপজেলাধীন নরুন্দি ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুস ছাত্তার একজন চাকরিজীবী ছিলেন। তিনি ১৯৯৩ সালে এম. এ (বাংলা) পাস করেন।
মো. শফিকুল ইসলাম শফিক ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে জড়ান নিজেকে। রাজনীতির শুরুতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯০ সালে নরুন্দি ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে ১৯৯১-৯২ সালে জামালপুর সদর উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৯২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সদর উপজেলা ছাত্রদল পূর্ব শাখার প্রথমে আহবায়ক ও পরে দুই বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা ছাত্রদলের সহ-সভাপতি, জেলা যুবদলের সহ-সভাপতি ও জামালপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছিলেন তিনি। এছাড়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
মাঠপর্যায়ে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ মো. শফিকুল ইসলাম শফিক বর্তমানে জামালপুর সদর উপজেলা যুবদলের দুই মেয়াদে ২০১০ সাল থেকে আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া নরুন্দি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রাজনীতিবিদ মো. শফিকুল ইসলাম শফিক বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত রয়েছেন। ২০০০ সাল থেকে প্রতিষ্ঠিত নরুন্দি বনপাড়া প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। এ ছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জামালপুর জেলার মাস্টার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ডিআই প্রদত্ত পোলিং এজেন্ট ও নির্বাচনী প্রচারাভিযানের উপর মাস্টার ট্রেইনারের বিশেষ প্রশিক্ষণও রয়েছে তার। তিনি নরুন্দি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়া নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদরাসার গভর্নিং বডির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্যের দায়িত্বও পালন করছেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিভিন্ন অঙ্গদলের রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুবাদে মো. শফিকুল ইসলাম শফিক তার নিজ এলাকা নরুন্দি ইউনিয়নসহ জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভা ও ১৫টি ইউনিয়নেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ ভোটার জনতার কাছে একজন পরিচিত মুখ।
জামালপুর সদর উপজেলার ভোটার জনতা মনে করেন শফিকুল ইসলাম শফিক সদর উপজেলা পরিষদের চেয়াম্যান পদে নির্বাচনের জন্য একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচন অংশ নিলে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে দলীয় নেতা-কর্মীরা আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। যদি দল আমাকে যোগ্য মনে করেন এবং জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাই যদি আমাকে সমর্থন দেন তাহলে আমি নির্বাচনে অংশ নিবো। আর যদি আমাকে সমর্থন না দেন যাকেই চেয়াম্যান পদে দল থেকে মনোনয়ন দেওয়া হবে দলের স্বার্থে তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।
