
আশরাফুর রহমান হাকিম:
মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কালকিনি মডেল প্রেসক্লাব কার্যালয়ের সামনে কালকিনি উপজেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন জরুরি। তারা দাবি করেন, নীতিমালার কিছু ধারা সংশোধন না হলে সার বিপণন ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হবে এবং কৃষক ও বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দিন বলেন, “নীতিমালা পরিবর্তন করে অনুমোদিত বিক্রেতাদের বহাল না রাখা হলে আমরা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবো। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়তে হবে। কৃষকদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক ও বাকি লেনদেন আদায় করাও কঠিন হয়ে পড়বে।”
পরে সংগঠনের কয়েকজন নেতা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বিপ্লব সরদার, যতি মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
