শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিনিধির দায়িত্বও পালন করছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং চলাচলে বিঘ্ন ঘটে। ওই ঘটনার সঙ্গে সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও প্রায় ১,৫০০ জনকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.