
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্যমতে, সেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জনে।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে খবরটি তুলে ধরে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।
এদিকে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। তাদের একজন শিশু। ফলে খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, যাদের মধ্যে ১১২ জনই শিশু।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বোমাবর্ষণ এখনও অব্যাহত। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং হামলার ঝুঁকিতে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.