
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এবং নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ কমিটি লিখিত, মৌখিক, পত্রিকার কাটিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনভাবে প্রাপ্ত মডেল মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটিকে অভিযোগ প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কমিটি সময় বৃদ্ধির অনুমোদন নিতে হবে। এ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.