জামালপুর প্রতিনিধি
যাত্রীসাধারনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামালপুরে দুটি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য সড়কপথে দুটি এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। জামালপুরের অধিকাংশ মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। যে কারনে এখানে যাত্রীসেবার মান বাড়ানো খুবই জরুরি।
তিনি বলেন, মানুষ প্রতিনিয়ত এই সড়কপথে যাতায়াত করে। কিন্তু ঢাকা যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রয়োজন সেই উন্নত সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা আমরা করতে পারেনি জামালপুরে। তারপরও বর্তমান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে জামালপুর থেকে ঢাকায় এসি বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ নেয়া হয়েছে আমরা জামালপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, নিঃসন্দেহে এই সার্ভিস সড়ক পরিবহনে বৃদ্ধি করবে এবং আমরা আশাবাদী যে এর মান আরও সমৃদ্ধি হবে। এসময় তিনি এসি বাস সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক এস. এম মোসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্মআহবায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্মআহবায়ক মো. হারুন অর রশীদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস জানান, জামালপুরে দুটি এসি বাসের উদ্বোধন করা হলো। আমরা চেষ্টা করবো যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে আরও বাস চালু করা যায় কিনা। যাত্রীরা জামালপুর থেকে সীমিত ভাড়া দিয়ে ঢাকায় যাতে যেতে পারে সে চেষ্টায় আমাদের থাকবে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, জামালপুর থেকে ঢাকা গাবতলি পর্যন্ত দুটি এসি বাস চালু করা হয়েছে। একটি বাস জামালপুর থেকে ছেড়ে যাবে অপরদিকে একটি বাস গাবতলি থেকে জামালপুরে আসবে।
তিনি বলেন, জামালপুরকে আধুনিকায়ন করার জন্য মালিক সমিতি অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করবো সামনের দিনে আরও এসি বাস সার্ভিস চালু করতে। সীমিত ভাড়া নিয়ে আমরা যাত্রীসেবা দেয়ার চেষ্টা করছি। যাতে খুব সহজে সীমিত ভাড়া দিয়ে যাত্রীরা জামালপুর থেকে ঢাকায় যেতে পারে।
উল্লেখ্য, এম আর ট্রাভেলস জামালপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ও বিকেল ৫টা ৩০ মিনিট ছেড়ে যাবে। এছাড়া গাবতলী কল্যাণপুর থেকে জামালপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে সকাল ৮টা ও বিকেল ৫ টা ৩০ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.