
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে।
বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে ভিড় জমিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে এ দেশের দোসর আলবদরের সহযোগিতায় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী।
আলবদর যাদের হত্যা করে, সেই তালিকায় ছিলেন মুনীর চৌধুরী, শহীদুল্লা কায়সার, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, সিরাজুদ্দীন হোসেন, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীনসহ আরও অনেকে।
তাদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.