
মাদারীপুরের ডাসারে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত অপহরণকারী দ্বীন ইসলাম দিনুকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (৮ অক্টোবর) ভোরে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার দ্বীন ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লাল খাঁর ডাঙ্গী গ্রামের আক্কাস খাঁনের ছেলে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানায়, অপহৃত ওই স্কুলছাত্রী গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্বীন ইসলাম দিনুসহ বেশ কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দ্বীন ইসলাম দিনুসহ ৪ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অপহরন মামলায় দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দ্বীন ইসলাম দিনুর একাধিক বিয়ে রয়েছে। এছাড়াও সে একজন নারী লোভী পুরুষ।
ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.