
ফুটবলার হিসেবে শুরু আর বেড়ে ওঠা ছিল ব্রাজিলের ক্লাব সান্তোসেই। ইউরোপিয়ান ফুটবলের মোহ তাকে টানতে পারেনি কোনোদিনই। মৃত্যুর পরও শৈশবের সেই ক্লাবেই ফিরে যেতে চেয়েছিলেন ফুটবলের সম্রাট পেলে। তার ইচ্ছা অনুযায়ীই সান্তোস এফসির হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়ামে আজ শুরু কিংবদন্তির শেষ বিদায় অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে তা। ২৪ ঘণ্টা এ মাঠেই থাকবে পেলের দেহ। এ সময় সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন পেলেকে।
আজ শেষ বিদায়ের শুরু হলেও আগামীকাল মঙ্গলবার পেলেকে শেষ দেখা দেখবেন ভক্তরা। এদিন সান্তোসের রাস্তা দিয়ে পেলের কফিন নিয়ে যাওয়া হবে তার মায়ের কাছে। পেলের শতবর্ষী মা এখনো বেঁচে আছেন। তবে তিনি অসুস্থ, শয্যাশয়ী। এরপর সান্তোসের মেমোরিয়াল নিক্রোপোল একুমেনিকা কবরস্থানে দাফন করা হবে পেলের দেহ।
পেলেকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি চলছে সবার মধ্যেই। সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা যাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্যে। এছাড়াও অন্যান্য খেলার জগতের তারকারাও থাকবেন। গত বৃহস্পতিবার ক্যানসারে ভুগতে থাকা পেলে হাসপাতালে ৮২ বছর বয়সে মারা যান। সেই থেকে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.