
রাজধানীর ভাষানটেকে দুর্বৃত্তদের গুলিতে মো. হোসেন আলী (৬০) নামে এক ঠিকাদারসহ ২ জন আহত হয়েছেন।
রবিবার (১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উত্তর ভাষানটেক হোসেন আলী মোড়ে একটি অফিসের ভেতর এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হোসেন আলী মোড়ে তার বাসা এবং ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংঘের সভাপতি তিনি। টিনশেড অফিসও সেই মোড়ে অবস্থিত।
তার অফিসের পিয়ন শফিকুল ইসলাম রিপন জানান, রাতে অফিসে হোসেন আলীসহ ১০-১২ জন বসে কাজ নিয়ে আলোচনা করছিলেন। তখন ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হোসেন আলীকে। ফেরাতে গিয়ে অফিসেরই কর্মচারী অন্তর (৩০) আহত হন।
তিনি আরও জানান, ৫ মিনিটের মধ্যে তারা অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে এরপর সবাই দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হোসেন আলীর দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতসহ হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ভাষানটেক থানা-পুলিশ দেখছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.