অনলাইন ডেস্ক।।
প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।’
তিনি বলেন, ‘মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।’
মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে তিনি একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন!’
এ সময় তিনি বলেন, দেশ যখনই এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।
সেতুমন্ত্রী বলেন, করোনার স্থবিরতা কাটিয়ে জন-জীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য। এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.