মাসুদুর রহমান:
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মাদারীপুরে দ্বিতীয় দফায় শুরু হয়েছে লকডাউন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। আজ শনিবার সকাল থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে, নিত্য প্রয়োজনীয় দোকান ও ওষুধের ফার্মেসি রয়েছে এই নিষেধাজ্ঞার বাইরে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই জেলার চারটি উপজেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাণিজ্যকেন্দ্র পুরানবাজারসহ বিভিন্ন হাটবাজারে বেড়েছে প্রশাসনের নজরদারি। থানা পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
এদিকে দু-একটি স্থানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুলিশ তা বন্ধ করে দিচ্ছে। অপ্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করা মানুষদের সতর্ক করছে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) বদরুল আলম মোল্লা ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এন,ডিসি আনোয়ার হোসেন সকাল থেকে সদর উপজেলার পুরান বাজার,চরমুগরিয়া, হাউসদী, কালির বাজার,শ্রীনদী ঘুরে বেড়াচ্ছেন ব্যবসায়ীদের দোকান না খোলার জন্য অনুরোধ করার পাশাপাশি কিছু ব্যবসায়ীকে দোকান খোলার জন্য লঘু শাস্তি দিয়েছেন।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে গত ১০ মে থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন ব্যবসায়ীরা। পরবর্তীতে সামাজিক দূরত্ব না মেনেই ক্রেতা-বিক্রেতা মাস্ক-গ্লাভস এবং জীবানুনাশক ব্যবহার ছাড়া কেনাবেচা করায় দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই লকডাউন চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.